বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করায় হেলাল উদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মমতাজ পারভিন এ রায় দেন।
বগুড়ার স্পেশাল পিপি অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, হেলাল উদ্দিন শেখ শেরপুর উপজেলার হাসড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ২০০৫ সালের ২৪ জানুয়ারি পাশ্ববর্তী চকনশি গ্রামের ফজর আলী শেখের মেয়ে ফাতেমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় যৌতুক হিসেবে ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দেওয়া হয়। অবশিষ্ট টাকা না পেয়ে হেলাল উদ্দিন স্ত্রী ফাতেমার ওপর নির্যাতন শুরু করেন। যৌতুক না পেয়ে পরে স্ত্রীকে তালাক দেন।
ফাতেমা খাতুন ২০০৫ সালের ২২ মে স্বামী হেলাল উদ্দিন, শ্বশুর, শাশুড়ি, মামাসহ আটজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহায়তা করেন এপিপি অ্যাডভোকেট তৃপ্তি বেগম।
আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
/বিটি/টিএন/আপ-এআর/








