সিলেটে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর প্রধান ঈদগাহ শাহী ঈদগাহ ঘুরে দেখা গেছে, সেখানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এদিকে ঈদের জামাতে নিরাপত্তার জন্য সেখানে পুলিশের পাশাপাশি গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (এডিসি) রহমত উল্যাহ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিটি ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ অনুযায়ী প্রতিটি ঈদগাহে স্বেচ্ছাসেবক দল গঠন করা হচ্ছে। এছাড়া, শাহী ঈদগাহ ও দরগাতে হযরত শাহজালাল ( র.) মসজিদসহ প্রতিটি ঈদগাহে পুলিশ মোতায়েন করা হবে।
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে ওয়াজ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ। জামাত শেষে নবনির্মিত মিনার কমপ্লেক্সের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া, হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ, হযরত শাহপরান (র.) মাজার জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ ও নগরীর কালিঘাট ডাক বাংলা রোডস্থ নবাবী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়, ২য় জামাত সকাল সাড়ে ৮টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
আনজুমানে খেদমতে সকাল ৮টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এখানে নারীদের জন্য ঈদ জামাতের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
নগরীর কাজিরবাজার মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টায়, ভার্থখলা ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
/এআর/








