যাত্রী হয়রানির অভিযোগে বান্দরবানের দুই পরিবহন শ্রমিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বান্দরবানের অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শৈলশোভা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শৈলশোভা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহন থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। যাত্রী হয়রানির অভিযোগে বাস চালক মোহাম্মদ মিয়া (৩৮) এবং হেলপাড় (সহকারী) আব্দুল আজিজকে (২২) আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছে। আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করার পরও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এটি দুঃখজনক ঘটনা। মিথ্যা অভিযোগে দুই শ্রমিককে জেলে পাঠানোর প্রতিবাদে শ্রমিকেরা ক্ষুব্ধ। এই কারণে তারা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বৃহস্পতিবার থেকে বান্দরবানের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সমর্থনে শহরে এরইমধ্যে মাইকিং করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নের্তৃত্বে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট আথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মোটরআইন লংঘনের দায়ে বেশ কয়েকটি পরিবহনের কাছ থেকে ১৯ হাজার ৬ শত টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও যত্র তত্র গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় দেরি করানোর কারণে বান্দরবান-কেরানীহাট সড়কে চলাচলকারী একটি বাসের দুই পরিবহন শ্রমিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক এক








