মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের নির্দেশের এক মাসের মধ্যে তা বাতিল করায় বিপাকে পড়েছে ফেনী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ নির্দেশের পর তারা এখন কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশের পর ফেনী পৌর শাখার আওতাধীন ২৬টি স্কুল-মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। একইভাবে সদর উপজেলার ৫৮টি স্কুলের মধ্যে ৩৫টি স্কুলে কমিটি রয়েছে। দাগনভূঞা উপজেলার আওতাধীন ২০টি প্রতিষ্ঠানেও কমিটি রয়েছে।’
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্কুলে কমিটি গঠনের ধারণাটা সঠিক হয়নি। এটা এখন দরকার নেই। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে হবে। স্কুল কমিটি করে সমালোচনা ডেকে আনার দরকার নেই। এ ধরনের কমিটির কোনও দরকার আছে বলে মনে হয় না। এগুলো সমালোচনা বাড়াবে। ছেলে-মেয়েদের পিঠের ওপর বই-পুস্তকের বোঝা, বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যেন মরুভূমির পথ বেয়ে চলছে। তারপর আবার রাজনীতির আরেক বোঝা। দরকার নেই এসবের।’
এ প্রসঙ্গে ছালাহ উদ্দিন ফিরোজ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না।’
তবে দাগনভূঞা উপজেলার আবু নাছের চৌধুরী আসিফ জানিয়েছেন, সাধারণ ছাত্ররা মাধ্যমিক পর্যায় থেকেই সংগঠনের প্রতি ঝুঁকে পড়ে। যদি কেন্দ্রের সিদ্ধান্তের আলোকে ছাত্রলীগের কমিটি বাতিল হয়, তাহলে স্কুল পর্যায়ে প্রতিদ্বন্দ্বী অন্য ছাত্র সংগঠনের কার্যক্রম তো আর বন্ধ হবে না। স্কুল পর্যায়ে যেন কোনও ছাত্র সংগঠনই কমিটি গঠন করতে না পারে, এ ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার দবি জানাচ্ছি।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে কথা শোনার সময় এখনও আসেনি: সেতুমন্ত্রী








