গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় গ্রাহকের ২৬ লাখ টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেছে।
চুরির শিকার গ্রাহক ইলিয়াস রবিবার রাতে মামলাটি করেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার একটি ব্যাটারি কারখানার সহকারী ব্যবস্থাপক ও দোভাষী। ‘চং লিয়েন নিউ এনার্জি টেকনোলজি কোম্পানি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি পুরনো ব্যাটারি সংগ্রহ ও নতুন ব্যাটারি তৈরি করে।
গ্রাহক ইলিয়াস জানান, রবিবার বেলা ১১টার দিকে তিনি ২৫ লাখ ৬৫ হাজার টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যান। তিনি ওই টাকাটা কাঁচামাল সরবরাহকারি প্রতিষ্ঠানের অনুকূলে পাঠানোর জন্য সার্ভিস ডেস্কের সামনে দাঁড়িয়ে অনলাইন ফরম পূরণ করছিলেন। এসময় পেছন থেকে একজন মানিব্যাগ নিচে পড়েছে গেছে বলে তাকে ইশারা দেয়। এসময় তিনি টাকার ব্যাগ সামনে রেখে মানিব্যাগটি উঠিয়ে দেখেন টাকার ব্যাগটি নেই। টাকার ব্যাগ নিয়ে আরেকজন পালিয়ে গেছে।
ব্যাংকের গ্রাহকরা জানান, প্রায়ই প্রচণ্ড ভিড়ের মধ্যে ব্যাংকটিতে টাকা লেনদেন করতে হয়। ব্যাংক ব্যবস্থাপকের গাফিলতির কারণেই প্রতিদিন এতো ভিড় জমে বলে গ্রাহকদের দাবি।
ব্যাংকের ব্যবস্থাপক মহিউদ্দিন জানান, বড় অংকের টাকা জমা দেওয়া হলে গ্রাহকরা ব্যাংক কর্তৃপক্ষকে আগেই জানান। পরে ব্যবস্থাপক (অপারেশন) এর দায়িত্বে তারা টাকা জমা দেন। কিন্তু এ গ্রাহক আগে থেকে আমাদের কিছুই জানাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় রবিবার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে। ব্যংকের ফুটেজ ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে কমপক্ষে ২৮ বছরের একটি ছেলে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তার সাথে কমপক্ষে ৩৮ বছরের আরেকজন রয়েছেন, যিনি তাকে নির্দেশনা ও সতর্ক করছে। ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুত সময়ে মধ্যে আটক করা সম্ভব হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসে নিহত ১







