চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড থেকে ইলহাম (১২) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার লায়লা ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহত ইলহাম মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ডেমশা এলাকার বাসিন্দা মোহাম্মদ নাছিরের মেয়ে। পরিবারের সঙ্গে ইলহাম ওই বাসায় থাকতেন।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে ইলহামের মা তাকে বাসায় রেখে তার ছোট বোনকে নিয়ে স্কুলে যায়। স্কুলে দিয়ে বাসায় এসে তিনি ইলহামের গলাকাটা লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার করে ডাকাডাকি করলে প্রতিবেশীরা উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ইলহামকে মৃত ঘোষণা করেন।






