যমুনার ভাঙনে গত ২২ জুন নদীগর্ভে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে মধ্যনগর রুস্তম আলী হাওলাদার মডেল উচ্চবিদ্যালয়টি। এরই মধ্যে স্কুলটির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে। শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও ইউটিউবে শনিবার (২৯ জুন) রাতে আপলোড করা হয় স্কুলটির বিলীন হওয়ার দৃশ্য।
যমুনার চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তিনতলা স্কুল ভবনটি তৈরি করা হয়েছিল। যদিও শুরু থেকে বিদ্যালয়ের স্থান নির্ণয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নদীর তীরে স্কুলটি নির্মাণ করা হয়েছিল। স্কুলটি ভেঙে পড়ার আগেই শিক্ষা বিভাগকে বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে অনেক চিঠি দেওয়া হয়েছিল। তবে ভবনটি রক্ষায় কোনও পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদফতর।
যমুনা নদীর সাম্প্রতিক ভাঙনে স্কুল ভবনের একাংশ ভেঙে যায়। আর ২২ জুন বিদ্যালয়টি পুরোপুরি বিলীন হয়ে যায়।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মরিয়ম বেগম জানিয়েছেন, নতুন করে আরেকটি ভবন নির্মাণের প্রস্তুতি চলছে।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, ‘স্কুলটি বিলীন হওয়ার আগে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা পরিদর্শন করেছেন। অল্প সময়ের মধ্যে ভাঙন রোধ সম্ভব হতো, কিন্তু শেষ রক্ষা হলো না।’
শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, স্কুলটি নদীভাঙনের হুমকিতে আছে এরকম প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দেয়া হয়েছিল।
এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি মামুন হাওলাদার জানান, ভাঙনের যে তীব্রতা তাতে স্কুলটি রক্ষা করা দুষ্কর ছিল। যে কারণে স্কুলটি রক্ষায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
ইউটিউবে আপলোড করা স্কুল বিলীনের দৃশ্য







