পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কর্মীরা। এ নিয়ে নিখোঁজ মোট ৫ জনেরই মরদেহ উদ্ধার করা হলো।
রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চলনবিলের নিমাইচড়া খেয়াঘাট এলাকা থেকে বিল্লাল গণির মরদেহ এবং সকাল ৮টার দিকে হান্ডিয়াল দরাপপুর ব্রিজ এলাকা থেকে স্বপন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
এরপর সকাল সাড়ে ৯টায় অভিযান সমাপ্ত ঘোষণা করেন পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম।
এর আগে শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পাঁচজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তারা হলেন- শাহনাজ পারভীন পারুল, শিশুকন্যা সাদিয়া খাতুন ও মমতাজ পারভীন শিউলী।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকার ছইয়ের ওপর মোবাইলে সেলফি তোলার সময় ছই ভেঙে নৌকাডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ হন।
এ ব্যাপারে পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, ‘নৌকাডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি অনুসারে ৫ জন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস এবং রাজশাহী থেকে আসা ডুবুরি দল শুক্রবার (৩১ আগস্ট) রাত ১টা থেকে রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তল্লাশি চালিয়ে সবার মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এজন্য আর কোনও মরদেহ থাকার কোনও সম্ভাবনা নেই, তাই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।








