একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মাহজাবিন খালেদ মোশাররফের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জামালপুর সংরক্ষিত আসনের এই মহিলা এমপির পক্ষে ইসলামপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উপজেলার গাইবান্ধা, গোয়ালেরচর, চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন তারা।
নেতাকর্মীরা জানান, এসময় তিন শতাধিক মোটরসাইকেলে শোভাযাত্রায় অংশ নেন উপজেলার কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা শোভাযাত্রায় ‘ইসলামপুরের মাটি, শেখ হাসিনা পরিবারের ঘাঁটি’ বলে শ্লোগান দেন।
ইসলামপুর আসনে এমপি মাহজাবিন খালেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে, গত ১৬ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় নেতাকর্মীরা।







