রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মুঞ্জু শেখ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন ব্যাপারীর কোল এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলা, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মুঞ্জু শেখ দৌলতদিয়া ইউনিয়নের রহমান ফকীরের পাড়ার বাবুল শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মুঞ্জু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। শুক্রবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে তার বাবার সঙ্গে সর্বশেষ তার মোবাইলে কথা হয়। কিন্তু এরপর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। সকালে দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন ব্যাপারীর কোল এলাকার একটি খালে মুঞ্জুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘ আমরা ধারণা করছি, শুক্রবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা মুঞ্জুকে হত্যার পর মরদেহটি ওই স্থানে ফেলে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে।’








