রংপুর মহানগরীর স্টেশন এলাকার একটি টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি স্থানীয়দের। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আশপাশের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে নগরীর স্টেশন এলাকার ঠিকাদার পাড়ায় অবস্থিত ভাই ভাই টায়ার গোডাউনে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মূহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরে পড়ে পুরো গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে দুঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ নিশ্চিত করতে না পারলেও ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক সোহাগের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী রাজন মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে।
আগুনের রহস্য উৎঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ পরিচালক ইউনুছ আলী।
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি তদন্ত মোখতারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।







