বান্দরবানে নির্বাচনের মনোনয়ন ফরম যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এসময় বিভিন্ন মিথ্যা তথ্য ও ঠিকমতো কাগজপত্র জমা না দেওয়ার কারণে ৯ জনের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়।
রবিবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। এসময় জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালামসহ বিদ্যুৎ, ব্যাংকসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও মনোনয়ন প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাতিল প্রার্থীরা হলেন- মহিলা দলের সেক্রেটারি উম্মে কুলসুম সুলতানা লীনা, সতন্ত্র প্রার্থী ডনাইপ্রু নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।
এছাড়া বিএনপি থেকে মনোনয়ন নেওয়া জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং ও মো. বাবুল হোসেনের কাগজপত্র আরও যাচাই-বাছাই থেকে বিকাল পাঁচটার সময় বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।
তবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী ও ইসলামী আন্দোলনের শওকতুল ইসলামের কাগজপত্র ঠিক থাকায় এ তিনটি মনোনয়ণপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এখানে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কেউ বিদ্যুৎ, গ্যাস, ঋণ বা কোন পাওনা খেলাপি থাকতে পারবে না। এছাড়া কেউ মিথ্যা তথ্য দিতে পারবে না। আজ সব কাগজপত্র যাচাই-বাছাই করেই বৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা বাতিল হয়েছে তারা ১২০ টাকার কোর্ট ফি সংগ্রহ করে তিনদিনের ভেতরে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’








