মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী চৌরাস্তা এবং কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালায় র্যাব। এ সময় মোট ১১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় বরিশালের হিজলা উপজেলার ফানাপাড়া গ্রামের আরিফ হোসেন, নাসির সরদার ও দুলখোলা গ্রামের জামাল মাঝিকে আটক করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রি ও সরবরাহ করার অপরাধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক আরিফ হোসেন ও নাসির সরকারকে আড়াই হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা এবং কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযুক্ত জামাল মাঝিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
পরে জব্দকৃত জাটকাসমূহ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।








