শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামে অসহায় শীতার্ত একশ’ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের কাছ থেকে পাওয়া মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে কম্বলগুলো ক্রয় করে বিতরণ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।
স্থানীয় ভাবে জানা যায়, সত্তর বছর বয়সী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রতিবছরই এলাকার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। আর্থিকভাবে ততোটা স্বচ্ছল না হলেও নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। শরীয়তপুরে একমাত্র যুদ্ধাপরাধ মামলার বাদী এই মুক্তিযোদ্ধা। সেই মামলায় দুজন রাজাকারের ফাঁসির আদেশ হওয়ায় তিনি স্বাধীনতা বিরোধী শক্তির টার্গেটে রয়েছেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা হালিমা বেগম জানান, প্রতি বছর শীতে এই মুক্তিযোদ্ধা এলাকায় কম্বল দেন।
একই গ্রামের মিতু রানী দাস ও মঞ্জু রানী দাস বলেন, ‘মুক্তিযোদ্ধা সামাদ তালুকদারের কাছে কোনও ধর্ম-বর্ণ বিভেদ নেই।’
এ ব্যাপারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘দেশের মানুষের অধিকার আদায়ে যুদ্ধ করেছি। এ যুদ্ধ এখনও থামেনি। বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও দেশের মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে যাব।’








