টাঙ্গাইলের বাসাইলে বালু ভর্তি ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। রবিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, বেলা সোয়া ১১টার দিকে অজ্ঞাত দুই নারী বাঐখোলা এলাকায় হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।








