শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আগামী শুক্রবার (৭ই মার্চ) থেকে ৯ দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। সোমবার (৪ই মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নাট্যোৎসবের আহ্বায়ক মো. মোতাব্বির হোসেন সাব্বির।
তিনি জানান, আগামী ৭ই মার্চ থেকে ৯ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিক থিয়েটারের সহ-সভাপতি আরিফা জেসমীন রুমি, সাধারণ সম্পাদক পাপ্পু রায়, সদস্য হোসাইন ইমরান প্রমুখ।