যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফ (২২) ওরফে ছ্যাবলা আরিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক আরিফ শংকরপুর পশু হাসপাতাল এলাকার আব্দুল বারেকের ছেলে।
এসআই বলেন, ‘পুলিশের কাছে খবর ছিল যশোরের আলোচিত এক সন্ত্রাসীর সহযোগী ছ্যাবলা আরিফ অস্ত্র-গুলিসহ শংকরপুর এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। তার বিরুদ্ধে কোতোয়ালিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’