ময়মনসিংহ-১১ (ভালুক) আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু ভালুকে ছেড়ে ঢাকা চলে গেছেন। বুধবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে তিনি ভালুকা ছেড়ে যান। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় আচরণ বিধি লঙ্ঘন করে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে ভালুকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন।
জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বোন জামাই আবুল কালামের পক্ষে নিজ গাড়িতে আনারস প্রতীক লাগিয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নেতাকর্মীদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে বলে এমপি ধনুর বিরুদ্ধে অভিযোগ আনেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আচরণ বিধি ভাঙার সত্যতা পাওয়ায়, বুধবার নির্বাচন কমিশন এই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা জানান, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু আচরণ বিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। আমাকে ফেল করানোর জন্য নেতাকর্মীদের আনারস মার্কায় ভোট দেওেয়ার জন্য বলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন করায় তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেন কমিশন। এটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের উপযুক্ত পদক্ষেপ।








