বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ ২৫ বৈশাখ,(৮ মে) বুধবার। কবিগুরুর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কবিগুরুর নিজস্ব জমিদারি নওগাঁর পতিসর কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে । সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে কবির স্মৃতিবিজড়িত পতিসরে।
কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কবির নিজস্ব জমিদারি পতিসর যেন পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কবিগুরুর নিজস্ব জমিদারি এলাকা কালিগ্রাম পরগনার সদর দফতর এই পতিসর। আর এই পতিসর নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। কাছারি বাড়িতেই কবিগুরুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। পতিসরে নাগর নদের পাড়কে মনোমুগ্ধকর করে তোলা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মাধুর্যঘেরা কবির স্মৃতিবিজড়িত পতিসর আজও সাহিত্যের অঙ্গণে সাড়ম্বরে বিরাজিত। কবির যখন ভরা যৌবন এবং কাব্য সৃষ্টির প্রকষ্ট সময়, তখন তিনি সময় কাটিয়েছেন এই পতিসরে।
পতিসরে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে,সকাল ১০টায় রবীন্দ্র কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান,সকাল সাড়ে ১০টায় ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গতা’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠান,বিকেল ৩টায় রয়েছে নাটক,আবৃত্তি,নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন নওগাঁসহ দেশের প্রথিতযশা শিল্পীরা।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন,‘প্রতি বছরের মতো এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে চলছে গ্রামীণ মেলা।’
তিনি আরও বলেন,১৯৩৭ সালে ২৭ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাজার হাজার প্রজাকে কাঁদিয়ে অশ্রুসিক্ত নয়নে পতিসর তথা বাংলাদেশ থেকে শেষ বিদায় নিয়েছিলেন। শেষ বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য কবির ৭৬ বছর বয়সের একটি উন্মুক্ত ভাস্কর্য স্থাপন করা হয়েছে পতিসরে। স্থাপন করা হয়েছে রবীন্দ্র সংগ্রহশালা। এই কাছারি বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।








