সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ১০ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন। শনিবার (৩ আগস্ট) সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৪, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮, আভিসিনা ও মেডিনোভা হাসপাতালে একজন করে ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। বাকি ৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ল্যাব. ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিটের মাধ্যমে পরীক্ষা করে আটজন নতুন ও চারজন পুরনো রোগীর রক্তের আইজিএম পরীক্ষা করে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে।’
ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ১০ রোগী ভর্তি হয়েছেন।’
এদিকে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। ঢাকা বা অন্য জায়গা থেকে নয়, স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।








