সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এ সময় ইটের আঘাতে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে চারজনকে আটক করেছে। শনিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে পৌর এলাকার শিবতলায় এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান বলেন, ‘রাতে শিবতলা এলাকায় ১৫ আগস্টকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং হচ্ছে– এমন খবর পেয়ে বিষয়টি যাচাই করাতে আমিসহ সাতজন ওই এলাকায় যাই। দরজায় নক করলে আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা প্রথমে গুলি এবং পরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ফারাবি পায়ে গুলিবিদ্ধ হয়। বুকে ইটের আঘাতে আমি মারাত্মক আহত হই। এরপর বের হয়ে তারা আমাদের পদদলিত করে বুকের ওপর দিয়ে চলে যায়। এ সময় আমরা দুর্বৃত্তদের দুজনকে আটক করি এবং পরে এলাকাবাসীর সাহায্যে আরও দুজনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়।’
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। রাতেই পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।








