কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকচালক নিহত হয়েছেন। তার নাম ইদ্রিস মিয়া (৩৩)। সোমবার (৫ আগস্ট) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, রাঙ্গামাটি থেকে কাঠ বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। সুয়াগাজী এলাকায় এলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে হেলপার ট্রাক মেরামতের কাজ করছিলেন। ঠিক ওই সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় ঘুমিয়ে থাকা ওই ট্রাকচালক গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায়।








