চট্টগ্রাম থেকে জাহিদ হোসেন মিঞা (৬৫) নামে ৪৮টি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে তাকে র্যাডিসন ব্লু হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন এ কথা জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘জাহিদ হোসেন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি। পাশাপাশি তিনি চেক প্রতারণার দায়েও অভিযুক্ত। এসব অপরাধে তার নামে ডবলমুরিং থানায় ৯টিসহ নগরীর বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা রয়েছে। সে এসব মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে মঙ্গলবার দুপুরে র্যাডিসন ব্লু হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক জাহিদ হোসেন মিঞা হাটহাজারি উপজেলার খন্দকিয়া গ্রামের ইব্রাহিম হোসেন মিঞার ছেলে। জাহিদ এন্টারপ্রাইজ লিমিটেড, জেড ই স্টিলস লিমিটেড (শিপ ব্রেকিং), জাহিদ ফুড অ্যান্ড বেভারেজ, জাহিদ ফিশারিজ, ডিসকভারি ট্রেডিং কোম্পানি, রেহানা ফিশারিজ, জেড ই টেলিকম ও জেড ই স্টিলস লিমিটেড নামে তার মালিকানাধীন ৮টি প্রতিষ্ঠান রয়েছে। তিনি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, মারিকো বাংলাদেশ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ অলিভ অয়েল লিমিটেডের পরিবেশক ছিলেন।








