‘বয়স্ক ভাতার কার্ডটাও দেইখ্যা মরতে পারলো না মা’

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০৭:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৭:৫০

মায়ের জন্য আহাজারি করছেন রাজিয়া খাতুন ‘ট্যাহা-পয়সা পাওয়া তো দূরের কথা,  মা বয়স্ক ভাতার কার্ডটাও দেইখ্যা মরতে পারলো না। বাবা মইরে যাওয়ার পর কতই না কষ্ট কইরা আমাগোর চার ভাই-বোনরে মানুষ করছে, বিয়ে-শাদিও দিছে। শেষ বয়সে আইসা একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য চেয়ারম্যান-মেম্বরদের বাড়ি বাড়ি কতই না ঘুরছে।’ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরের সামনে স্বজনদের জড়িয়ে ধরে এভাবেই আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন বয়স্ক ভাতার কার্ড আনতে গিয়ে নিহত সাহারা বানুর ছোট মেয়ে রাজিয়া খাতুন (২০)।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের কলাতাপাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে সাহারা বানু নিহত হন। এই দুর্ঘটনায় তিনিসহ ভাংনামারি ইউনিয়নের উজান কাশিয়াচর গ্রামের চার জন মারা যান।

রাজিয়া আরও জানান, ১৪ বছর আগে অসুস্থ হয়ে বাবা মারা যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি কাজ করে এবং পরের সাহায্য সহযোগিতা এনে মা তাদের খাইয়ে বড় করেছে। বড় দুই ভাই বিয়ে করে এখন আলাদা থাকে। তাদের দুই বোনকেও বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। বোনরা মাঝেমধ্যে এসে মায়ের খোঁজ খবর নিলেও ভাই ও তাদের বউরা কোনও খোঁজ নেয় না। বুড়ো বয়সেও তার মা পরের বাড়ি কাজ করে যা পায় তা দিয়েই চলছিলেন। অবশেষে চেয়ারম্যান একটা বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিয়ে উপজেলা সমাজসেবা অফিসে কাগজ জমা দেওয়ার জন্য বলেছিলেন। বয়স্ক ভাতার কার্ডের কাগজ জমা দিতে গিয়ে এভাবে তার মা মারা যাবে এটা কিছুতেই মানতে পারছেন না তিনি।

প্রতিবেশী রমজান ফকির বলেন, ‘স্বামী আব্দুল হালিম মারা যাওয়ার পর মানুষের বাড়িঘরে কাজ করে সাহারা বানু ছেলেমেয়েদের বড় করেছেন। বড় হয়ে ছেলেরা মায়ের খোঁজ খবর নিতো না। মাঝেমধ্যে স্বামীর বাড়ি থেকে এসে দুই মেয়ে মাকে দেখতে আসতো। মারা যাওয়ার আগেও সাহারা বানু খুব কষ্ট করে গেছেন।’

গৌরীপুর ভাংনামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুন নূর খোকা বাংলা ট্রিবিউনকে জানান, গত দুই থেকে তিন বছরের মধ্যে অনেকবার সাহারা বানু একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে এসেছেন। বেশ কয়েকবার তার সঙ্গেও দেখা করেছেন। তাকে কার্ড দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। পরে কার্ডের ব্যবস্থা হওয়ায় দুই দিন আগে তাকে উপজেলা সমাজসেবা অফিসে কাগজ জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। বুধবার দুপুরে ওই কাগজ জমা দিয়ে সড়ক দুর্ঘটনায় সাহারা বানু মারা যাবে এটা খুবই দুঃখজনক।  

উল্লেখ্য, বুধবার দুপুরে গৌরীপুরের কলতাপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গৌরীপুরের উজান কাশিয়াচরের রাবেয়া খাতুন (৮০), রাবেয়ার পুত্র লাল মিয়া (৫৫), সাহারা বানু(৬৫) ও অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫০) মারা যান।  

আরও পড়ুন: গৌরীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ