ফেনীর ফুলগাজীতে ওএমএস’র ৬ বস্তা চালসহ জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ডিলার যুবলীগ নেতা আব্দুল আউয়াল ওরফে নান্নু (৩৮) পালিয়ে যায়। শনিবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন এই অভিযান চালায়।
এঘটনায় ডিলার নান্নুসহ দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার বলেন, চালসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ টাকা দরে দরিদ্রের জন্য ৫ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু স্হানীয় ডিলার নান্নু রাতের আঁধারে প্রবাসী জাকির হোসেন মজুমদারের কাছে ৬ বস্তা চাল বিক্রি করেন। সহকারী কমিশনার বিষয় জানতে পেরে শনিবার অভিযান চালায়। অভিযানের বিষয়টি জানতে পেরে নান্নু সটকে পড়ে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দীন বলেন, ওএমএস’র চাল আত্মসাতের অভিযোগে জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় নান্নুসহ দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, নান্নু আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।







