দিনাজপুরের মৃত্যুর তিন দিন পর এক ইটভাটা শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। করোনার উপসর্গ ছাড়াই বুকব্যথায় হঠাৎ ওই শ্রমিকের মৃত্যু হয়। সোমবার (৪ মে) রাতে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেন। সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর দেশীয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, ‘গত ১ মে ওই ইটভাটার শ্রমিক কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে রাখে। তিন দিন পর সোমবার নমুনার ফলাফলে করোনা পজিটিভ এসেছেন। এখন দেখছি তিনি কার কার সঙ্গে মেলামেশা করেছেন এবং কোথায় গিয়েছেন। তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।’
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, ‘পুরো গ্রামটিকে লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি। সোমবার রাতে মজিদের মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হবে। মঙ্গলবার থেকে পুরো গ্রাম লকডাউন করা হবে।’








