নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আলী খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আঠারোবেকি নদীর চর দখলকে কেন্দ্র করে এ সংঘষের্র ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। প্রতিপক্ষ আজিজুল ঠাকুরের লোকজন আলী খাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আলী খান বল্লাহাটি গ্রামের ওসমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার আটারোবেকি নদীর চর দখল নিয়ে বল্লাহাটি গ্রামের আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলে আলী খার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আজিজুল খা ও তার সমর্থকরা চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলী খাঁ (৪০), নাসির খাঁ (৫৫), শানাল খাঁ (৩৮), জহুর মোল্যা (৬০) ও আজিজুল ঠাকুরসহ (৪২) কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহত আলী খানকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, আলী খাঁ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







