যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের চাষি রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) ভোরে গাছগুলো কেটে ফেলা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কুলচাষি রেজাউল ইসলাম।
রেজাউল ইসলাম জানান, শনিবার দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় কুল বাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পান, দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি কুল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, কারও সঙ্গে আমার শক্রতা নেই। তারপরও আমার এভাবে ক্ষতি করলো কারা? এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার দাবি করছি।
বেনাপোলের গয়ড়া গ্রামের ইউপি সদস্য মনির হোসেন মিন্টু বলেন, কে-বা কারা রেজাউলের বাগানের কুল গাছ কেটে ফেলেছে। এমন কাজ যারা করেছে তাদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই জাকির হোসেন বলেন, কুল গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।








