নিখোঁজের ৭ দিন পর বুধবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী হাইস্কুল সংলগ্ন খালের কচুরিপানার মধ্য থেকে ইজিবাইক চালক মামুন রাঢ়ীর মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত যুবক মামুন উজিরপুর উপজেলার বাসিন্দা আব্দুস সালাম রাঢ়ীর ছেলে।
সে বাটাজোর এলাকায় ভাড়া বাসায় থাকতো। পুলিশের ধারণা মামুনকে হত্যা করে ইজিবাইক নিয়ে মরদেহ ওই খালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওসি গোলাম ছরোয়ার জানান, বার্থী হাইস্কুল সংলগ্ন খালের কচুরিপানার মধ্যে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে মামুনের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। মামুনের মুখমন্ডলে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যাচ্ছিল মামুন। এরপর থেকে সে নিখোঁজ হয়।








