সাভারের একটি ব্যাটারি কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে লাগা আগুন মধ্যরাতের পর নিয়ন্ত্রণে আসে। বিরুলিয়া ইউনিয়ন এর আকরান এলাকার অটবি ফার্নিচার কারখানার সীমানা প্রাচীরের ভেতরে ভাড়া দেওয়া টংলি পাওয়ার লিমিটেড নামে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাটারি কারখানার ভেতর থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই পুরো কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার ফায়ার সার্ভিসের তিনটি এবং সদর দফতরের একটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আশুলিয়ার ডিইপিজেডে’র ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন,
কারখানার ভেতরে এসিড ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি নিশ্চিত করেই কিছু জানাতে পারেননি।








