ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হলেন ভারতের পাঞ্জাবের এক কিশোর। মাথায় পিস্তল ধরে সেলফি তুলতে গিয়ে এ অবস্থা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এনডিটিভির খবরে বলা হয়, আহত শিক্ষার্থীর নাম রামনদীপ। শিব নগর এলাকায় বসবাসরত ওই শিক্ষার্থী শনিবার সকালে বাবার লাইসেন্সকৃত পিস্তল মাথায় ধরে সেলফি তোলার জন্য পোজ দেয়। ঘটনার সময় কাজে ব্যস্ত ছিলেন ঠিকাদার বাবা। পিস্তলটিও গুলিভর্তি ছিল। আচমকাই ট্রিগারে চাপ পড়লে গুলি বেরিয়ে ছেলেটির মাথায় লাগে।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ২০১৫ ভারতে মারা গেছে ২৭ জন
পরে গুরুতর আহত অবস্থায় ১৪ বছর বয়সী ওই কিশোরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে লুধিয়ানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরইমধ্যে পিস্তলটি জব্দ করেছে পুলিশ। পাঠানকোট পুলিশের কর্মকর্তা মনোজ কুমার বলেন, ‘আমরা খবর পাই একটি ছেলে ভুল করে নিজেকে গুলি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সে সেলফি তোলার চেষ্টা করছিল। আমরা ঘটনাটির তদন্ত করছি।’
আরও পড়ুন: মুম্বাইয়ের 'নো সেলফি জোন'গুলোতে এবার আইনি নিষেধাজ্ঞা
চলতি বছরের প্রথম দিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ভারতে। সেলফি তুলতে গিয়ে বিশ্বব্যাপী যারা মারা যায় তার অর্ধেকই ভারতের। গত বছর সেলফি তুলতে গিয়ে ভারতে ২৭ জন মারা গেছেন।
সূত্র: এনডিটিভি
/এফইউ/








