সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা হামলা হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) ভোরের আলো ফোটার আগে এ হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি বিমান থেকে ছোড়া হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়নি। ক্ষেপণাস্ত্র হামলার খবরটি নিশ্চিত করে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি বলছে, সিরিয়ার আকাশপথ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। সিরিয়ায় আসাদের পক্ষে লড়াইকারী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহসহ বেশ কিছু মিলিশিয়াকে সমর্থন দিয়ে আসছে দেশটি। ইসরায়েলের আশঙ্কা, সিরিয়ায় ইরানের হস্তক্ষেপ ক্রমাগত বাড়ছে এবং তা ইসরায়েলের নিরাপত্তা জন্য হুমকি। সিরিয়ায় সাত বছর ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে বেশ কিছু ইরানি ও ইরান সমর্থিতদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পক্ষ থেকে বলা হয়, সোমবার (২৫ জুন) দিনগত মধ্যরাতে বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গোলান মালভূমির কাছ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে ইসরায়েল। সিরিয়ার সরকারপন্থী বিদেশি মিলিশিয়াদের অস্ত্রাগার ও গুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। তবে এ ঘটনায় কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘বিদেশি রিপোর্ট নিয়ে আমরা মন্তব্য করি না।’








