কুয়েত, জর্ডান ও বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে ফেলা হবে বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কুয়েত থেকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম নামে দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। আর বাহরাইন ও জর্ডান থেকে সরানো হচ্ছে একটি করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এলাকা থেকে এখন চীন ও রাশিয়ার দিকে মনোযোগ দিতে চাইছে। সৌদি আরব ও কাতারেও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে। বিশ্লেষকদের ধারণা এই অঞ্চলে সামরিক বাহিনীর পরিসর কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করাই এর মূল কাজ। এগুলো সামরিক ঘাঁটির খুব কাছেই থাকে।
কর্মকর্তারা জানান, এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পরিবর্তে অন্য কিছূ বসানো হবে না। এগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
বর্তমানে বাহরাইনে বিশাল নৌঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে সামরিক অভিযান পরিচালনা করে নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড ও ফিফথ ফ্লিট। এছাড়া কুয়েত ও জর্ডানেও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।








