টুইটার লাইভে এসেছিলেন সৌদি আরবের নারী অধিকার কর্মী মানাল আল-শরিফ। কিন্তু সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন তিনি। তাকে তিরস্কার করতে আশ্রয় নেওয়া হয় রিয়াদের সরকারপনন্থী টুইটার বটের। টুইটারে 'বট' হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে টুইট করতে পারে। এতে মানুষের কোনও সাহায্য লাগে না। লাইভে বট থেকে একের পর এক বিদ্রুপাত্মক কমেন্ট পাওয়ার পর নিরাপত্তাহীনতার কারণে শেষ পর্যন্ত নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে বাধ্য হন মানাল আল-শরিফ।
শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত সিগনালারিটি ইউ নরডিক সম্মেলনের মঞ্চ থেকে এক লাইভে অ্যাকাউন্টটি ডিলিট করে দেন তিনি। সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে ২ লাখ ৯০ হাজার মানুষ তাকে অনুসরণ করতেন।
২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কয়েক সপ্তাহের মাথায় ২৬ অক্টোবর নিজের সমৃদ্ধ টুইটার অ্যাকাউন্ট ডিলিট করতে বাধ্য হন মানাল আল-শরিফ। ইতোপূর্বে নিহত জামাল খাশোগি-ও সৌদি রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় টুইটার বটের শিকার হয়েছিলেন।
৩৯ বছরের এই নারী অধিকারকর্মী বলেন, খ্যাতনামা অনুসন্ধানী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের পর থেকেই রিয়াদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে টুইটার বট ও ট্রল। তিনি বলেন, বাকস্বাধীনতা অন্য সব স্বাধীনতা রক্ষা করে।
টুইটার অ্যাকাউন্ট ডিলিটের পর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন মানাল আল-শরিফ।এতে তিনি আবারও তার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।
মানাল আল-শরিফ বলেন, তার বিশ্বাস, বর্তমানে টু্ইটার নিয়ন্ত্রিত হচ্ছে ট্রল, সরকারপন্থী লোকজন ও বট দিয়ে। ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করতে, তাদের ভয়ভীতি দেখাতে এবং হয়রানি করতে সরকারপন্থী এজেন্টরা এসবের জন্য অর্থ ব্যয় করে।
এই নারী অধিকার কর্মী বলেন, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টও ডিলিট করে দেবেন। কারণ সামাজিক যোগাযোগের এই মাধ্যমেও তিনি নিরাপদ বোধ করছেন না। এ বিষয়ে যারা তার সঙ্গে একমত তাদের প্রতি একটি বিকেন্দ্রীভূত সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান মানাল আল-শরিফ। তার মতে, সত্যের পথে ঝাঁকুনি দিতে এই প্ল্যাটফর্ম ব্যবহৃত হবে।
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকেই এ ঘটনার জন্য তুরস্ক ও কাতারকে দায়ী করতে থাকে সৌদি পৃষ্ঠপোষকতায় পরিচালিত টুইটার বটগুলো। তবে বট ব্যবহার করে নিজ দেশের ভিন্ন মতাবলম্বী নাগরিকদের হয়রানি করা রিয়াদের জন্য এটাই প্রথম নয়। সূত্র: মিডল ইস্ট আই।








