আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে ইরান সফর করেছে তালেবানের একটি প্রতিনিধি দল। রবিবার দেশটিতে পৌঁছানোর পর তেহরানের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দলটির সদস্যরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালেবানের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করা হয়েছে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। আফগান সরকারের সঙ্গে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাহরাম কাসেমি বলেন, তালেবান আফগানিস্তানের ৫০ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনার জন্য তাদের পক্ষ থেকেই ইরানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছিল।
তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। ফলে দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা দূর করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে চায় তেহরান।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে কথা বলতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সফর করেন। সূত্র: পার্স টুডে, ভয়েস অব আমেরিকা।






