হাওয়াই দ্বীপে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। হনলুলু কাউন্টির মকুলেয়ারের ডিলিংহাম বিমানঘাঁটির কাছে দুই ইঞ্জিনের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হনলুলু ফায়ার ডিপার্টমেন্টে উড়োজাহাজ বিধ্বস্তের খবর দেয়া হয়। উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই বলে তাদের ধারণা।
দুর্ঘটনাস্থলের ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। উড়োজাহাজটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানটির অধিকাংশ আরোহী ছিল স্কাইডাইভার।
হনলুলু অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছেন। অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান ম্যানুয়েল নিভস বলেন,‘এই মুহূর্তে পাওয়া প্রাথমিক তথ্য হচ্ছে বিমানে নয় আরোহী ছিল। তাদের কেউ বেঁচে নেই।’








