ভারতের বিহার রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। শুক্রবার (২০ ডিসেম্বর) বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সারাদেশে এনআরসি করার ঘোষণা দিলেও শুক্রবার টুইটার থেকে সেই মন্তব্য মুছে ফেলে বিজেপি। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা এনআরসি বাস্তবায়ন না করার ঘোষণা দেন। বিহারে জোট সরকারের শরিক দল হিসেবে জেডিইউ এনআরসি কার্যকর করার উদ্যোগ নেওয়ার আগেই এর বিরোধিতা করতে শুরু করেন দলের সভাপতি প্রশান্ত কিশোর।
গত শনিবার মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সময় নিতীশকে তিনি জানিয়ে দেন, জেডিইউ-বিজেপি জোট সরকার যদি এই রাজ্যে এনআরসি কার্যকরের উদ্যোগ নেয়, তাহলে তিনি দলীয় পদ ছেড়ে দেবেন।
সেই সময়ে নিতীশ আশ্বস্ত করেছিলেন প্রশান্ত কিশোরকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, বিহারে কোনোভাবেই এনআরসি কার্যকর করা হবে না।








