করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি কূটনীতিক হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। তিনি সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হোসেইন শাইখল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জন। ফার্সের খবরে বলা হয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনা ভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।








