জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থী আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীবাহী কয়েকটি বাস ক্যাম্পাস সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে পৌঁছলে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির অনুরোধে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেও সকাল ১০টার দিকে আবার ক্যাম্পাসের গেটের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করে।
জানা যায়, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ১২টায় মেসের নিচ থেকে ২ শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে ওয়ারী থানা পুলিশ। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে আরও ১৩ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে।
জবির দশম ব্যাচের ছাত্র আরাফাত ও তৌফিক জানায় যে, গতকাল রাতে প্রথমে সন্দেহজনকভাবে একজনকে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে তাকে ছাড়াতে গেলে তাদেরকেউ আটক রেখে মারধর করা হয়। দ্বিতীয় দফায় তাদের অবস্থা জানতে থানায় যায় জবির কিছু শিক্ষার্থী, পরবর্তীতে তাদেরও আটক রেখে মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ঘটনা জানতে পারার সাথে সাথে আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। কোনও অপরাধ ছাড়ায় সন্দেহের কারণে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ক্লোজ করা হয়েছে। আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’
ওয়ারী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিশ্চিত হওয়ার পর গ্রেফতারকৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।’








