কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তরের ভর্তি ফি প্রায় ৩১ শতাংশ কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৭২তম সিন্ডিকেট সভায় এই ফি কমানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ফি বেশি ছিল। দীর্ঘদিন ধরে এই ফি কমানোর জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়াসহ বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিক্ষকদের নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা এবং পরবর্তীতে ৭২তম সিন্ডিকেট সভায় প্রায় ৩১ শতাংশ ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়।
এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের স্নাতকোত্তরের ভর্তি ফি ১৪ হাজার ৩৭০ টাকা থেকে কমে ৯ হাজার ৯০০ টাকা, কলা ও মানবিক অনুষদে ১০ হাজার ২৭০ টাকা থেকে কমে ৭ হাজার ১০০ টাকা, বাণিজ্য এবং আইন অনুষদে ১৩ হাজার ৭০ টাকা থেকে কমে ৯ হাজার ১০০ টাকায় এসেছে।
এছাড়া, সমাজবিজ্ঞান অনুষদে (লোক প্রশাসন এবং অর্থনীতি বিভাগ ব্যতীত) ১৩ হাজার ৭০ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ১০০ টাকা এবং লোক প্রশাসন ও অর্থনীতি বিভাগে ১২ হাজার ২৪০ টাকা থেকে কমিয়ে ৮ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
এ প্রসঙ্গে স্নাতকোত্তরে ভর্তিচ্ছু অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ হাসান বলেন, ‘এতদিন অনেক বেশি ফি নেওয়া হত। পড়াশোনার এই পর্যায়ে এসে এত টাকা জোগাড় করা কঠিন ছিল। উপাচার্য স্যারের ইতিবাচক উদ্যোগে ফি কমে আসায় আমরা খুবই আনন্দিত।’








