ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের মেয়র প্যানেল নির্বাচিত করেছে সরকার। সংস্থাটির নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হওয়ায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য সরকার এ মেয়র প্যানেল নির্বাচন করেছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ডিএনসিসির সচিব (যুগ্ম সচিব) দুলাল কৃঞ্চ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ওসমান গণি ছাড়াও ডিএনসিসির ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফাকে দ্বিতীয় এবং সংরক্ষিত আসন ৩১, ৩২ ও ৩৪-এর কাউন্সিলর বেগম আলেয়া সারোয়ার ডেইজিকে তৃতীয় প্যানেল মেয়র করা হয়েছে।
উল্লেখ্য, সিটি করপোরেশন আইন-২০০৯-এর-২০-এর (১) ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের এক মাসের মধ্যেই মেয়র প্যানেল নির্বাচন করা বাধ্যবাধ্যকতা রয়েছে। নির্বাচনের দীর্ঘদিন পরও মেয়র প্যানেল নির্বাচন করা হয়নি।







