ঢাকার বকিশবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপস্থিত হয়ে দেখা গেছে আদালত প্রাঙ্গণের প্রবেশ পথে বাঁশ দিয়ে ঘিরে বসানো হয়েছে একটি আর্চওয়ে।
আর্চওয়ের পাশের খুঁটিতে ঝুলানো হয়েছে ডিএমপির লালবাগ জোনের একটি ব্যানার। ওই ব্যানারে লেখা আছে, ‘বিশেষ আদালতে নিরাপত্তার কারণে অনুগ্রহ পূর্বক নিরাপত্তার তল্লাশীতে সাহায্য করুন।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ- কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মো. আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোর্টের নিরাপত্তা জোরদার করতেই প্রবেশ পথে আর্চওয়ে বসানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওইদিনের চেয়ে আজকে নিরাপত্তা একটু বেশি।’
প্রসঙ্গত, ওই আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুটি মামলার বিচার কাজ চলছে। এ দুটি মামলায় হাজিরা দিতে আজ (২৬ ডিসেম্বর) আদালতে আসার কথা রয়েছ তার। সোমবার (২৫ ডিসেম্বর) খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছিন।
জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি পক্ষের তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রায়ের পর্যায়ে চলে আসবে। এছাড়া শিগগিরই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
আরও পড়ুন:
হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচের রাস্তায়, আহত ৪








