ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। এতে বেশ কিছু ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি। কিছু ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে অন্য বিমানবন্দরে অবতরণ করে।
সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ‘কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্নিত হয়েছে। তবে রাতে সময় মতো ফ্লাইট ওঠানামা ছিল। সর্বশেষ ভোর ৪টার দিকে একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে এসে অবতরণ করেছে। ভোর ৩টা ৪৬ মিনিটে সাউদিয়ার একটি ফ্লাইট উড্ডয়ন করেছে।
রেজাউল করিম আরও বলেন, ‘ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল সোয়া ৭টায় ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমান বিন্দরে অবতরণ করে। ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকে।’








