১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি ২১ দফা দাবিতে আগামী ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে জানিয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘এ বছর নির্বাচনের বছর। তাই ১৪ দলের সবাইকেই নির্বাচন নিয়ে এখন থেকেই ভাবতে হবে। শেষ মুহূর্তে গিয়ে কাজ করে নির্বাচন করা যায় না। স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতায় পৃথিবীর সবার কাছে সম্মান কুড়িয়েছে। কিন্তু এই উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের বেশ কিছু প্রত্যাশার ব্যাঘাত ঘটেছে। কিছু ত্রুটি বিচ্যুতি সব অর্জনকে ম্লান করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিছু কর্মসূচি প্রয়োজন। তাই ২১ দফা দাবিতে আমরা আগামী ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো।’
২১ দফার মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা অর্জন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা, কৃষক, খেতমজুর, কৃষি সংস্কার ভূমিনীতি , শিল্প শ্রমিক কর্মচারীও মালিকানা, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি, সড়ক রেল বিমান নৌ পরিবহনসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থাপনা।
সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে বাদশাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।








