সরকার আরও তিনটি শ্রম আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বরিশাল, রংপুর ও সিলেট এই তিন শহরের শ্রম আদালতগুলো প্রতিষ্ঠা করা হবে। রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে সরকারের সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে সাতটি শ্রম আদালত রয়েছে। এরমধ্যে ঢাকায় তিনটি, চট্টগ্রামে দুটি এবং খুলনা ও রাজশাহীতে একটি করে শ্রম আদালত রয়েছে। এসব আদালতে নিষ্পত্তি হওয়া মামলার জন্য রয়েছে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল। এটি ঢাকায় অবস্থিত। সচিব কমিটির সভাশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বাংলা ট্রিবিউনকে জানান, তিনটি শ্রম আদালতের প্রতিটির জন্য একজন চেয়ারম্যানসহ ১৪ জন করে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।
শ্রম সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও হয়রানিমুক্ত করতে এই আদালতগুলো গঠন করা হচ্ছে।








