একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন। তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী নির্বাচনি সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ৮০ ভাগের বেশি কাজ শেষ হয়েছে।’মঙ্গলবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কারণ ব্যাখ্যা করে হেলালুদ্দীন বলেন, ‘জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়ে যাবে। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটিও থাকে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা জানিয়েছে ইসি। তবে এর আগে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের বিষয়টির আইনগত ভিত্তি দেবে।
ইভিএম ব্যবহারে আইন পাসের বাধ্যবাধকতার কথা বলে সচিব বলেন, ‘ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার। আগামী ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। আইন পাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন। তখন সিদ্ধান্ত নেওয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি হবে না।’
জাতীয় নির্বাচনের পরেই সারাদেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানেও ইভিএম ব্যবহার করা হবে বলেও তিনি জানান।








