সংসদ নির্বাচনে পরীক্ষামূলক ইভিএম!

এমরান হোসাইন শেখ
৩১ আগস্ট ২০১৮, ২৩:০৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৭

ইলেকট্রনিক ভোটিং মেশিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হলেও তা বৃহৎ পরিসরে হবে না। কার্যত, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোর মতো পরীক্ষামূলকভাবে এব্যবস্থা চালু হতে পারে। গুটি কয়েক আসনের কিছু কেন্দ্রে ইভিএমে ভোট হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের ব্যবস্থা চালুর লক্ষ্যে নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৩০ আগস্ট) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং, মন্ত্রিসভায় অনুমোদন ও সংসদে পাসসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে এটি আইনে পরিণত হবে। তবে কমিশনের অন্যতম সদস্য মাহবুব তালুকদার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বয়কট করেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে ইভিএমের বিরোধিতার কারণ তুলে ধরেন।

এদিকে, দ্রুততার সঙ্গে আরপিও সংশোধনীয় প্রস্তাব পাস করার জন্য কমিশন তার প্রয়োজনীয় দাফতরিক কাজ সম্পন্ন করতে চাচ্ছে। এজন্য শনিবার (১ সেপ্টেম্বর) সরকারি ছুটির দিনেও নির্বাচন কমিশনের সচিবালয় খোলা রাখা হচ্ছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররাও অফিস করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,শনিবারের মধ্যেই সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। যাতে করে চলতি বা পরের সপ্তাহের মন্ত্রিসভায় এটাকে অনুমোদন করানো যায়।

প্রঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর সংসদের নতুন অধিবেশন শুরু হবে। আর এটি হবে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। সেকারণে নির্বাচন কমিশন আসন্ন অধিবেশনেই আপরিও সংশোধনী আইনটি পাস করাতে চায়।

কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে ইভিএম চালুর লক্ষ্যেই অনেকটা তড়িঘড়ি করে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। যে কারণে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি থেকে আরপিও-এর ৩৫টির মতো সংশোধনীর প্রস্তাব দিলেও অনুমোদনের জন্য ইভিএমকেই প্রধান্য দেওয়া হয়েছে। এর বাইরে অনলাইনে মনোনয়নপত্র জমাসহ হাতে গোনা কয়েকটি বিষয়ে খুঁটিনাটি সংশোধন প্রস্তাব আনা হয়েছে। এমনকি দেশের সব আইন বাংলায় রূপান্তরে উচ্চ আদালতের আদেশ থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি।

কমিশনের সূত্র মতে, ১০০ আসনে ইভিএম চালুর বিষয়ে ব্যাপক আলোচনা হলেও বাস্তবে তা হচ্ছে না। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম সংগ্রহ ও দক্ষ জনবল তৈরিসহ সব কারিগরি প্রস্তুতি গ্রহণের সক্ষমতা অর্জন এই মুহূর্তে সম্ভব নয় বলেও তারা মনে করেন। এক্ষেত্রে কয়েকটি আসনের কিছু কেন্দ্রে বা একটি/দুটি আসনের সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হতে পারে বলে কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন।

এদিকে, দেড়লাখ ইভিএম কেনার জন্য কমিশন থেকে একটি প্রকল্প গ্রহণ করা হলেও  জাতীয় নির্বাচনের আগে তা পাওয়া যাবে বলে মনেন করে না খোদ কমিশনের কর্মকর্তারা। প্রকল্পটি ফেরত আসার প্রসঙ্গ টেনে তারা বলছেন, এই প্রকল্পে সরকারের অনুমোদনসহ নানা বিষয় রয়েছে। ফলে ইভিএম আনা হচ্ছে বললেই যে চলে আসবে, বিষয়টি তা নয়।

ইতোপূর্বে উদ্যোগ নেওয়া আড়াই হাজার ইভিএম কেনার প্রসঙ্গ টেনে কমিশনের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত এপ্রিল মাসে দুই হাজার ৫৩৫ সেট ইভিএম কেনার প্রক্রিয়া শুরু করলেও চার মাসেও তা হাতে পাওয়া যায়নি।’

যদিও কমিশন বলছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে টার্গেট করে নয়, জাতীয় নির্বাচনে এই বিধান চালু করতেই আইন সংশোধন হচ্ছে। সেই হিসেবে আসন্ন নির্বাচনেই এই বিধান চালু করতে হবে বিষয়টি তেমন নয়। তবে, সব প্রক্রিয়া সম্পন্ন করে সময় মতো আইনি ভিত্তি পেলে এবং পরিবেশ অনুকূলে থাকলে তারা কিছু কেন্দ্রে ইভিএম চালু করবে। 

আরপিওতে ইভিএম যুক্তির বিষয়ে বৃহস্পতিবার (৩০ আগস্ট) কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত সংস্কার হলে সংসদ নির্বাচনে ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে। এজন্য আরপিও সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম হবে—বিষয়টি তা নয়। ইভিএম ব্যবহারের প্রেক্ষাপট তৈরি ও প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবেই আইনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়নি। স্টেকহোল্ডারদের সম্মতি থাকলে এবং পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে কমিশন সিদ্ধান্ত নেবে। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে ইভিএম ব্যবহার করা যেতে পারে।’

এর আগে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি ভিত্তি দিতেই তারা আরপিও সংশোধনীর উদ্যোগ নিয়েছেন। একটি আসনে বা কেন্দ্রেও যদি ইভিএম দিতে হয়, তার জন্যও আইন সংশোধনের প্রয়োজন হবে।’ একশ’ বা এক-তৃতীয়াংশ আসনে ইভিএম হবে— এটা বললে জনগণকে বিভ্রান্ত করা হবে বলেও ওই সময় তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিইসি তো স্পষ্টতই বলে দিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে এমনটি নয়। এটাকে আইনি ভিত্তি দিতে করা হয়েছে।’

আইনি ভিত্তি পেলে বা সিদ্ধন্ত হলেও কতগুলো কেন্দ্রে হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়াই এখনও শেষ হলো না, তা কতগুলো কেন্দ্রে হবে সেটা আগাম বলার কোনও কি সুযোগ আছে। তবে একটা কথা ‍শুনে রাখুন,  সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি ভিত্তি থাকলেও আমরা সবগুলোতে ব্যবহার করছি না। সিটি করপোরেশনে আমরা পরীক্ষামূলকভাবে সীমিত আকারে করেছি। কাছেই আমরা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলেই যে ব্যাপক আকারে হবে, তা ঠিক নয়।’

দেড়লাখ ইভিএম কেনার অগ্রগতি সম্পর্কে সাবেক এই আমলা বলেন, ‘আমি নিজেও সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। কাজেই এ ধরনের প্রকল্পে কী হয়ে থাকে, তা আমার জানা আছে। অপেক্ষা করেন কতদূর কী হয়। পরিকল্পনা কমিশন থেকে ইতোমধ্যে ইভিএম প্রকল্পটির বিষয়ে পর্যবেক্ষণ দিয়ে ইসিতে ফেরত পাঠানোর বিষয়টিও উল্লেখ করেন এই কমিশনার।

প্রসঙ্গত, ব্যালটবিহীন ভোটিং ব্যবস্থা চালু করতে এটিএম শামসুল হুদা কমিশন ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে প্রথম ইভিএম ব‌্যবহার করে।  এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকারের আরও কিছু নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। বিদায়ী রকিব কমিশনও কিছুদিন তার ধারাবাহিকতা বজায় রাখে। তবে ওই সময় অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বড় ধরনের ত্রুটি ধরা পড়ায় ইভিএম বাতিল করে। পরবর্তীতে বর্তমান নূরুল হুদা কমিশন দায়িত্ব নেওয়ার পর আবারও এটি চালুর উদ্যোগ নেয়। এই কমিশন গত বছর ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করে সফলতা পায়। পরে তারা খুলনা, গাজীপুর, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটির কিছু কেন্দ্রে এর ব্যবহার করে। এখন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনের প্রয়োজনীয় সংশোধনী করতে  যাচ্ছে কমিশন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
বাজেটে বরাদ্দ বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
৪ বছরের মধ্যেই ১.৫ ডিগ্রি উষ্ণতার সীমা ছাড়াতে পারে বিশ্ব
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৪
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ