ডিবিসি’র সম্পাদক জায়েদুল হাসান পিন্টু বলেছেন, ভোটিং সিস্টেমের চেয়ে আগে দরকার নির্বাচনের সিস্টেম। যেটা আমরা দীর্ঘদিন ধরেই করতে পারিনি। কোনও সময় দেখেছি হা না ভোট, কোনও সময় বাক্স বদল।’ নির্বাচনকালীন সরকার বিষয়ে তিনি বলেন, ‘যে অবস্থা দেখছি সেটাও হবে বলে মনে হয় না।’ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
জায়েদুল হাসান পিন্টু বলেন, ‘ইভিএম নিয়ে বিতর্কের মধ্যে কমিশন ১০০ আসনে ইভিএম দিতে চেয়েছে। কিন্তু ভোটারদের প্রস্তুত করেনি। নির্বাচন কমিশন যখন ভোটারদের প্রস্তুত না করে ইভিএমের সিদ্ধান্ত নিল তখন এটা সন্দেহের চোখে পড়বে।’
তিনি আরও বলেন, ‘ইভিএম এর ব্যাপারে নির্বাচন কমিশনের সব রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া দরকার ছিল, সেখানে কমিশন একটা তালগোল পাকিয়ে ফেলেছে। সেই জায়গায় আবার রাজনীতিও শুরু হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী আবার এক কথায় রাজনীতিকে থামিয়ে দিলেন।’
ডিবিসি’র সম্পাদক বলেন, ‘বিএনপি দুই বছর ধরে সহায়ক সরকারের কথা বলে আসছে। আমরা যারা রাজনীতির বাইরে আছি তারা তো চাই ভোট ঠিকঠাক মতো হোক, লুটপাট যেন না হয়। সেজায়গায় আগে আমাদের ভোটিং সিস্টেম ঠিক করতে হবে। এই জায়গায় মূল সমস্যা হলো রাজনীতিবিদদের মধ্যে আস্থা অনাস্থার সংকট।








