বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখার জন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাত প্রতিবেদক আগস্ট মাসের সেরা প্রতিবেদক হিসেবে বিবেচিত হয়েছেন। সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, মফস্বলের সেরা প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন (আন্তর্জাতিক) এবং জুলাই মাসে সর্বাধিক পঠিত বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন সিনিয়র রিপোর্টার গোলাম মওলা, সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরী, সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল, দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু ও ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।
সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে গত ২৪ আগস্ট ও ২৫ আগস্ট প্রকাশিত সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিলের ধারাবাহিক প্রতিবেদন “বেশিরভাগই ব্যয় হয় ‘ফুলটাইমার’দের ভরণপোষণে এবং যে কারণে ‘ফুলটাইমাররা’ বায়তুল মালের টাকার ওপর নির্ভরশীল”।
ব্রেকিং রিপোর্ট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ২৬ আগস্ট প্রকাশিত সিনিয়র রিপোর্টার গোলাম মওলার ‘সরে দাঁড়ালেন বেসিক ব্যাংকের এমডি আউয়াল খান’ ও ১১ আগস্ট প্রকাশিত সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিলের ‘সারাদেশে সোয়া এক ঘণ্টা বন্ধ ছিল রেলওয়ের ইন্টারনেট!’ শীর্ষক প্রতিবেদনটি।
গত ২৩ আগস্ট প্রকাশিত ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলুর ‘যে ঘটনা বদলে দেয় ঠাকুরগাঁওয়ের চোরাকারবারিদের জীবন’ শিরোনামের প্রতিবেদনটি সেরা দেশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে গত ৫ জুলাই প্রকাশিত সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর ‘গণভবনে উচ্ছৃঙ্খল আচরণ ছাত্রলীগের’ শিরোনামের সংবাদটি উঠে এসেছে।
বিশেষ প্রতিবেদন (আন্তর্জাতিক) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু। ২৭ আগস্ট প্রকাশিত ‘বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক: দায়িত্ব পেয়ে যা বললেন শ্যাম বেনেগাল’ প্রতিবেদনের জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড ওই প্রতিবেদনগুলো পুরস্কারের জন্য বিবেচনা করেছে। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।








