বিগত সরকারগুলোর অযত্ন ও অবহেলায় দেশের নৌপথগুলো হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘নৌপথ উদ্ধারে প্রয়োজন নদী খনন কার্যক্রম। সে লক্ষে বর্তমান সরকারের গত মেয়াদে (২০০৯-১৪) ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছিল। চলতি মেয়াদে (২০১৪-১৯) ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। প্রাইভেট সেক্টরে শতাধিক ড্রেজার সংগৃহীত হয়েছে।’
রবিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীদের আবাসন সুবিধা দেওয়ার লক্ষে নারায়ণগঞ্জের পাগলায় ১০তলা স্টাফ কোয়ার্টার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
শাজাহান খান বিআইডব্লিউটিএ’র কর্মচারীদের আবাসন সুবিধা দেওয়ার জন্য ২০১৩ সালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটি নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। ১০ তলা ভবনের গ্রাউন্ড ফ্লোর ব্যতিত প্রতিটি ফ্লোরে ৪টি করে মোট ৩৬টি ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটির আয়তন ৬৫০ বর্গফুট।
নৌমন্ত্রী বলেন, ‘নদী তীর অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী ও তুরাগের তীরে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরও ৫৩ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে ২৮০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে দেশে সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’








